নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া এবং একটি ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেটের সামনের ফুটপাতে এ ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতে ব্যবসায়ীরা সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। একই সময় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত ভেকু ও পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও হকারদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জানান, মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের একদল উচ্ছৃঙ্খল জনতার বাধার মুখে পড়তে হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে বলে জানা গেছে।
ঘটনার পর মিরপুর-১০ নম্বর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
Leave a Reply