1. admin@prothombangla24.com : admin_news :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

খাল খননে নতুন উদ্যোগ: যশোরে সিরিজ খালের পুনঃখনন শুরু

  • প্রকাশিত : শনিবার, ২ মে, ২০২৬
  • ৪ বার পাঠ করা হয়েছে

যশোর প্রতিনিধি | প্রথম বাংলা ২৪ঃ- খাল পুনঃখনন শুধু পানি প্রবাহ নিশ্চিত করে না, এটি কৃষি ও জনজীবনের প্রাণশক্তি”—এমন স্লোগানকে সামনে রেখে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে তিন কিলোমিটার দৈর্ঘের ‘সিরিজ খাল’ পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার (২ মে) সকাল ১১টায় স্থানীয়ভাবে ঝুড়ি ও কোদাল হাতে মাটি কেটে খননকাজের সূচনা করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে খালের পাড়ে একটি ফলজ বৃক্ষ রোপণ করে পরিবেশবান্ধব উন্নয়নের বার্তা দেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “খাল পুনঃখনন বিএনপির নির্বাচনী অঙ্গীকারের অন্যতম অংশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। যশোরের এই সিরিজ খাল সেই ধারাবাহিকতারই একটি ধাপ।”

তিনি আরও জানান, খালটি পুনঃখননের ফলে আশপাশের ১৭টি গ্রাম বর্ষাকালে জলাবদ্ধতার কবল থেকে মুক্তি পাবে। একই সঙ্গে কৃষিজমিতে পানি সরবরাহ সহজ হওয়ায় ফসল উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় কৃষকরা উপকৃত হবেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্রে জানা যায়, ৭৭ লাখ ১৯ হাজার ২৩৩ টাকা ব্যয়ে এই খাল পুনঃখনন কাজ বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

২০২৫-২৬ অর্থবছরে ‘অতি দরিদ্রের কর্মসংস্থান কর্মসূচি’র (কাবিটা) আওতায় দৈনিক মজুরির ভিত্তিতে স্থানীয় শ্রমিকদের দিয়ে খালটি খনন করা হচ্ছে। এতে করে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দরিদ্র পরিবারগুলোর আয় বৃদ্ধিতেও ভূমিকা রাখবে প্রকল্পটি।

উদ্বোধনী অনুষ্ঠানে যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

হৈবতপুর ইউনিয়নের বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই খালটি পলি জমে সংকীর্ণ হয়ে পড়েছিল। ফলে বর্ষায় গ্রামগুলো ডুবে যেত এবং কৃষিকাজ ব্যাহত হতো। এখন খালটি পুনঃখননের ফলে তাদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলে তারা আশাবাদী।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “খাল পুনঃখনন শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, এটি জলবায়ু অভিযোজন ও টেকসই কৃষির জন্যও অপরিহার্য। সরকার জনগণের জীবনমান উন্নয়নে বদ্ধপরিকর।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

প্রথমবাংলা ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।