ঢাকা, প্রথম বাংলা ২৪ঃ- সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনীত প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (২ মে) চিফ রিটার্নিং কর্মকর্তা এই বৈধতা নিশ্চিত করেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেলের সম্পাদক সালেহ উদ্দিন সিফাত।
সালেহ উদ্দিন সিফাত বলেন, “চিফ রিটার্নিং কর্মকর্তা নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে এটি জানানো হবে।”
এর আগে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় কিছু প্রার্থীর আবেদনে ত্রুটি ধরা পড়লেও এনসিপি প্রার্থীর ক্ষেত্রে সকল শর্ত পূরণ থাকায় তার মনোনয়ন গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে।
মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রার্থীরা এখন নির্বাচনী প্রচারণা চালানোর জন্য প্রস্তুতি নিতে পারবেন। তবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে কোনো আপত্তি বা প্রতিকার আবেদন গ্রহণের সময়সীমা থাকে নির্বাচন কমিশনের বিধিমালায়।
এনসিপি সূত্রে জানা যায়, নুসরাত তাবাসসুম দলটির নারী ও শিশু অধিকার বিষয়ক কর্মসূচির সঙ্গে যুক্ত থেকে সামাজিক উন্নয়নমূলক কাজে সক্রিয় ভূমিকা রেখেছেন। সংরক্ষিত আসনে তাঁর প্রার্থিতা দলের নারী নেতৃত্ব বিকাশের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনে সদস্যরা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন না। বরং নির্বাচিত সংসদ সদস্যদের ভোটের অনুপাতে রাজনৈতিক দলগুলো এই আসনগুলোর জন্য প্রার্থী মনোনয়ন পায়। পরে নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশ করে।
এনসিপি’র পক্ষে নুসরাত তাবাসসুম ছাড়াও অন্যান্য সংরক্ষিত আসনে একাধিক প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়াধীন রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
আনুষ্ঠানিক ঘোষণার পর এনসিপি’র পক্ষ থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
Leave a Reply