1. admin@prothombangla24.com : admin_news :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

সময় চাই, প্রতিশ্রুতি রাখবো: প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশিত : শনিবার, ২ মে, ২০২৬
  • ৩ বার পাঠ করা হয়েছে

সিলেট প্রতিনিধি | প্রথম বাংলা ২৪ঃ- “আড়াই মাসের শিশু যেমন হাঁটতে পারে না, তেমনি নতুন সরকারেরও প্রতিশ্রুতি বাস্তবায়নে সময় প্রয়োজন”—এমন উপমায় নির্বাচনী অঙ্গীকার পূরণে জনগণের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “আমাদের সময় দিন, আমরা কথা রাখবো। ইতিমধ্যে ফ্যামিলি কার্ডসহ একাধিক প্রতিশ্রুতির কাজ শুরু হয়েছে।”

শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টায় সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সিলেটের উন্নয়ন মানে শুধু একটি জেলা নয়, পুরো দেশের সমৃদ্ধির অংশ। সিলেট-ঢাকা রেলপথ দ্বি-লেইনে উন্নীতকরণ, সড়ক যোগাযোগ দ্রুত সম্পন্ন এবং স্থানীয় অবকাঠামো উন্নয়নে সরকার বদ্ধপরিকর।

চিকিৎসা খাতে বড় ঘোষণা দিয়ে তিনি জানান, প্রতিটি গ্রামে বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ১ লাখ ৩০ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। এছাড়া সিলেটে ২৫০ শয্যার নতুন হাসপাতাল চালু করা হবে, যা পর্যায়ক্রমে ১২০০ শয্যায় উন্নীত করা হবে।

সুরমা নদীর উভয় তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। ৪ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের কাজ শুরু উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি নদীর বর্তমান অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ভূগর্ভস্থ পানির স্তর কমে যাওয়া রোধে খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। একই সঙ্গে বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি এবং আইটি খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেন তিনি।

সমাবেশে সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং সিসিক কর্মকর্তা সুচন্দা রায়ের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন—বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও হুইপ জিকে গৌছ।

বাণিজ্যমন্ত্রী বলেন, “সিলেট অবহেলিত—এই ধারণা পুরোপুরি সঠিক নয়। বরং এখানে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।” আরিফুল হক চৌধুরী তার মেয়রকালীন সময়ে অসম্পন্ন প্রকল্পগুলোর কথা উল্লেখ করে বিশুদ্ধ পানি ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপের আহ্বান জানান।

সকাল ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর বৃষ্টির মধ্যেই প্রধানমন্ত্রী সরাসরি হযরত শাহ জালাল (র.)-এর মাজার জিয়ারত করেন। সুধী সমাবেশ শেষে তিনি বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করেন। এছাড়া বিকেলে সিলেট স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এবং শিল্পকলা একাডেমিতে দলীয় জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে তার।

সমাবেশে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

প্রথমবাংলা ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।