1. admin@prothombangla24.com : admin_news :
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের সেই ‘৫০১ নম্বর কক্ষ’ ও ঝর্ণার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মামুনুল হক

  • প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩ বার পাঠ করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টের বহুল আলোচিত ‘৫০১ নম্বর কক্ষ’ ঘটনার দীর্ঘ সময় পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ওই ঘটনার পরবর্তী নানা মনোমালিন্যের জেরে স্ত্রী জান্নাত আরা ঝর্ণার সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে।

শনিবার (২০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে তিনি এসব কথা জানান।

রিসোর্ট ঘটনার ব্যাখ্যা:
ফেসবুক পোস্টে মামুনুল হক বলেন, ২০২১ সালের ৩ এপ্রিল তিনি স্ত্রী জান্নাত আরা ঝর্ণাকে নিয়ে রয়েল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। সে সময় স্থানীয় আওয়ামী লীগের কর্মী, সাংবাদিক ও পুলিশ এসে তাদের চরমভাবে হেনস্তা করে। ওই ঘটনার প্রেক্ষাপট ও পরিস্থিতি নিয়ে তিনি বিস্তারিত তুলে ধরেন।

জান্নাত আরার সঙ্গে বিচ্ছেদ:
জান্নাত আরার সঙ্গে বর্তমান সম্পর্কের বিষয়ে মামুনুল হক জানান, ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত তাদের বৈবাহিক সম্পর্ক অটুট ছিল। কিন্তু ২০২১ সালের সেই ঘটনার পর বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ও মনোমালিন্য তৈরি হয়। অবশেষে উভয়ের সম্মতিতে ২০২৫ সালের মার্চ মাসে তাদের বিচ্ছেদ ঘটে। তিনি দাবি করেন, বিচ্ছেদের আগে এবং নিজের কারাবাসকালীন সময়েও তিনি জান্নাত আরার ভরণপোষণসহ যাবতীয় অধিকার যথাযথভাবে পালন করেছেন।

বিয়ের নেপথ্যের গল্প:
জান্নাত আরার সঙ্গে বিয়ের বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, জান্নাত আরা আগে তার ঘনিষ্ঠ সহকর্মী হাফেজ শহিদুল ইসলামের স্ত্রী ছিলেন। তাদের দুই সন্তান রয়েছে। পরবর্তীতে পারস্পরিক সম্মতির ভিত্তিতে তাদের বিচ্ছেদ হলে জান্নাত আরা তার সঙ্গে যোগাযোগ করেন এবং এক পর্যায়ে বিয়ের প্রস্তাব দেন।

মামুনুল হক বলেন, বিয়ের আগেই তিনি ঝর্ণাকে সতর্ক করেছিলেন যে, ইসলামি শরিয়াহ অনুযায়ী একাধিক স্ত্রীর মধ্যে সমতা রক্ষার যে বাধ্যবাধকতা রয়েছে, তা ব্যক্তিগত ও সামাজিক সীমাবদ্ধতার কারণে পুরোপুরি বাস্তবায়ন করা তার পক্ষে কঠিন হবে। ঝর্ণা সেই শর্তে রাজি হওয়ার পরই শরিয়ত মোতাবেক তাদের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের বিষয়টি গোপন রাখার কারণ:
বিয়ে কেন গোপন রাখা হয়েছিল—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উপমহাদেশীয় প্রেক্ষাপটে একাধিক বিয়ে সামাজিকভাবে বেশ জটিল একটি বিষয়। প্রথম পরিবারে অস্থিরতা এড়াতে এবং রাষ্ট্রীয় আইনে প্রথম স্ত্রীর অনুমতির জটিলতা থেকে বাঁচতেই বিষয়টি প্রকাশ করেননি।

তিনি আরও দাবি করেন, ইসলামে বিয়ে শরিয়াহ অনুযায়ী সম্পন্ন হওয়া জরুরি, কাবিন বাধ্যতামূলক নয়। তার প্রথম বিয়েতেও কাবিন করা হয়নি। তবে তার বিয়ের বিষয়টি নিকটাত্মীয় ও ঘনিষ্ঠজনদের অনেকেই জানতেন বলে তিনি দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

প্রথমবাংলা ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।