1. admin@prothombangla24.com : admin_news :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

১ অক্টোবর ফেনী সফরে প্রধানমন্ত্রী, পরশুরাম-ফুলগাজীতে দিনভর একগুচ্ছ কর্মসূচি

  • প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পাঠ করা হয়েছে

আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনব্যাপী ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি সফরসূচি অনুযায়ী, সফরে তিনি জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঢাকার বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি পরশুরাম উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে।

এরপর দুপুর ১টা ১৫ মিনিটে পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে দুপুর সাড়ে ১টার দিকে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় গিয়ে সেখানে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে সেখানে কিছু সময় বিশ্রাম নেবেন।

বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করার কর্মসূচি রয়েছে।

সফরসূচি অনুযায়ী, বিকেল ৫টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। রাতের দিকে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পরশুরাম ও ফুলগাজীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী নদীর তীরে সভাস্থল প্রস্তুতের পাশাপাশি মঞ্চ ও উদ্বোধনী ফলকের স্থান তৈরি করা হয়েছে। পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অস্থায়ী হেলিপ্যাডও প্রস্তুত করা হয়েছে।

সভাস্থলে আগত মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা, পানির ট্যাংক ও পোর্টেবল টয়লেটসহ স্যানিটেশন সুবিধা রাখা হচ্ছে। পাশাপাশি অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ফেনী-পরশুরাম প্রধান সড়কের বিভিন্ন অংশে মেরামত ও সংস্কারকাজ করা হয়েছে। একই সঙ্গে পরশুরাম-সুবার বাজার সড়ক এবং ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের আশপাশেও চলছে প্রস্তুতিমূলক কাজ।

এর আগে ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ফেনী সফরের কথা থাকলেও পরে তা স্থগিত করে ১ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

প্রথমবাংলা ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।