নিজস্ব প্রতিবেদকঃ ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার অনলাইনে ফরম পূরণ ও ফি জমা দেওয়ার পূর্ণাঙ্গ সময়সূচি ও নির্দেশিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নির্ধারিত সূচি অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া আগামী ১৬ নভেম্বর থেকে ফরম পূরণ শুরু হবে। এ কার্যক্রম চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।
শনিবার (১৭ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এসএসসি পরীক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা আগামী ১৫ নভেম্বর বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর ১৬ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। এ ক্ষেত্রে নির্ধারিত ফি ব্যাংকে জমা দেওয়ার শেষ তারিখ ২৪ নভেম্বর।
অন্যদিকে, ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। বিলম্ব ফিসহ ফি জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বর।
ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়মিত পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিভাগে মোট ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৩৫ টাকা। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফি ২ হাজার ৩১৫ টাকা।
বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের বোর্ড ফি ১ হাজার ৯২০ টাকা এবং কেন্দ্র ফি (ব্যবহারিকসহ) ৫১৫ টাকা। অন্যদিকে, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের বোর্ড ফি ১ হাজার ৮৩০ টাকা এবং কেন্দ্র ফি ৪৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া শিক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে হবে। তবে কোনো শিক্ষার্থীর কাছ থেকে ২৪ মাসের বেশি বেতন ও সেশন চার্জ আদায় করা যাবে না।
বিজ্ঞপ্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ফি ছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত কোনো অর্থ আদায় না করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্বাচনি বা টেস্ট পরীক্ষা গ্রহণ শেষে আগামী ১৫ নভেম্বরের মধ্যে ফলাফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
নিয়মিত পরীক্ষার্থীদের পাশাপাশি জিপিএ উন্নয়ন, মানোন্নয়ন ও অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণের নিয়ম ও যোগ্যতা সম্পর্কেও বিজ্ঞপ্তিতে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষা বোর্ডের নির্ধারিত সময়সূচি অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র ও ফি প্রস্তুত রাখার জন্য পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরামর্শ দেওয়া হচ্ছে।
Leave a Reply