নিজস্ব প্রতিবেদক, প্রথম বাংলা ২৪ | পঞ্চগড়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা ও দেবীগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন সুমন তাকে বিএনপি থেকে বহিষ্কারের তথাকথিত সংবাদ ও বিজ্ঞপ্তিটি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। ঘোড়া মার্কা নিয়ে নির্বাচনী লড়াইয়ে থাকা এই প্রার্থী বিষয়টিকে ‘ভিত্তিহীন, অবান্তর এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ বলে অভিহিত করেছেন।
আজ এক বিবৃতিতে মাহমুদ হোসেন সুমন স্পষ্ট করে বলেন, “পঞ্চগড় জেলা বিএনপির নামে প্রকাশিত সাম্প্রতিক তথাকথিত বহিষ্কার বিজ্ঞপ্তি আমি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ এনে আমাকে বিএনপি থেকে বহিষ্কারের কথা বলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমি কখনোই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্য ছিলাম না, কোনো পর্যায়ের পদেও বহাল ছিলাম না। আমাকে কোনো সময় সদস্যপদ দেওয়া হয়নি। ফলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ যেমন অবান্তর, তেমনি বহিষ্কারের ঘোষণাও আইনগত ও নৈতিকভাবে অবৈধ।”
তিনি প্রশ্ন তুলে বলেন, যে ব্যক্তি কোনো দিন দলের সদস্যই ছিলেন না, তাকে বহিষ্কার করার এখতিয়ার কারও নেই। আসন্ন ১২ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্বপূর্ণ মুহূর্তে তাকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করা এবং সাধারণ ভোটারদের বিভ্রান্ত করাই এই সাজানো নাটক ও বিজ্ঞপ্তি প্রকাশের মূল উদ্দেশ্য।
মাহমুদ হোসেন সুমন আরও বলেন, “আমি মরহুম মোজাহার হোসেনের সন্তান, যিনি বোদা ও দেবীগঞ্জের মানুষকে সঙ্গে নিয়ে চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং দুইবার বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে বিজয়ী হয়েছিলেন। তার রাজনৈতিক উত্তরাধিকারকে কলঙ্কিত করতে এবং আমার পরিবারের সম্মান ক্ষুণ্ন করতেই কি এই নাটকীয় বহিষ্কারাদেশ?”
বিবৃতিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিনটি সুনির্দিষ্ট প্রশ্ন ছুঁড়ে দেন:
১. আমি কোন তারিখে বিএনপির সদস্য হয়েছিলাম?
২. কোন ইউনিটে আমার নাম অন্তর্ভুক্ত ছিল?
৩. কোন নথি ও স্বাক্ষরের ভিত্তিতে আমাকে বহিষ্কার করা হলো?
তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, এই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারলে সংশ্লিষ্টদের উচিত প্রকাশ্যে ক্ষমা চাওয়া।
সবশেষে তিনি বোদা ও দেবীগঞ্জ বাসীসহ সর্বস্তরের জনগণকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমি কোনো নির্দিষ্ট দলের নয়, আমি সাধারণ মানুষের প্রার্থী। সত্য ও ন্যায়ের প্রশ্নে আমি কখনো আপস করিনি। জনগণের রায়ই হবে সকল ষড়যন্ত্র ও অপপ্রচারের চূড়ান্ত জবাব। ১২ই ফেব্রুয়ারি ঘোড়া মার্কায় ভোট দিয়ে আপনারা এই ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেবেন।”
উল্লেখ্য, মাহমুদ হোসেন সুমন পঞ্চগড়-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যাপক জনপ্রিয়তার সাথে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার এই বলিষ্ঠ অবস্থানের পর নির্বাচনী এলাকায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
ভিডিওটি দেখতে লিংকে কিল্কি করুন –https://youtu.be/W2omYdZLX4k
প্রথম বাংলা ২৪ – সত্যের সন্ধানে প্রতিনিয়ত।
Leave a Reply