1. admin@prothombangla24.com : admin_news :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

পাহাড়ে পানির সংকট দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ, স্বস্তি ফিরেছে ম্রো পল্লীতে।

  • প্রকাশিত : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৩ বার পাঠ করা হয়েছে

সাইদুর ইসলাম নাঈম | প্রথম বাংলা ২৪ঃ- বছরের পর বছর ধরে পানির কষ্ট যেন নিত্যসঙ্গী ছিল বান্দরবানের দুর্গম পাহাড়ি জনপদের মানুষের। বিশেষ করে শুষ্ক মৌসুম এলেই খাবার পানির জন্য চরম ভোগান্তিতে পড়তেন চিম্বুক রেঞ্জের ম্রো সম্প্রদায়ের বাসিন্দারা। পাহাড়ি উঁচুনিচু পথ পেরিয়ে দূরবর্তী ঝিরি কিংবা ছড়া থেকে পানি সংগ্রহ করতে হতো তাদের। তবে এবার সেই কষ্ট অনেকটাই কমতে শুরু করেছে নতুন এক উদ্যোগে।

বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরীর ব্যক্তিগত অর্থায়নে চিম্বুক রেঞ্জের বিভিন্ন এলাকায় ২১টি সুপেয় পানির স্পট স্থাপন করা হয়েছে। প্রায় ১৩ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত এই উদ্যোগে পাহাড়ি কয়েকশ পরিবারের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এসব পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করেন সংসদ সদস্য সাচিংপ্রু জেরী। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ পাহাড়ি জনগোষ্ঠীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, আগে প্রতিদিন ভোর থেকে পানি সংগ্রহের জন্য বের হতে হতো অনেক নারী ও শিশুকে। কয়েক কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে পানি আনতে গিয়ে সময়ের পাশাপাশি শারীরিক কষ্টও ছিল চরম। অনেক সময় প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত পানিও মিলত না।

নতুন এই পানি সরবরাহ ব্যবস্থা চালু হওয়ায় এখন অনেকটাই স্বস্তিতে রয়েছেন পাহাড়ের মানুষ। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন পর এমন একটি উদ্যোগ তাদের দৈনন্দিন জীবনে বাস্তব পরিবর্তন এনে দিয়েছে। বিশেষ করে শুকনো মৌসুমে পানির জন্য আর আগের মতো দুর্ভোগ পোহাতে হবে না বলেই আশা করছেন তারা।

সংসদ সদস্য সাচিংপ্রু জেরী বলেন, পাহাড়ের মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করা তার দায়িত্বের অংশ। দুর্গম অঞ্চলের মানুষ যেন ন্যূনতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও পাহাড়ি জনপদের জীবনমান উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

প্রথমবাংলা ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।