1. admin@prothombangla24.com : admin_news :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হলো আলোচিত হত্যা মামলার আসামিকে

  • প্রকাশিত : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২ বার পাঠ করা হয়েছে

সাইদুর ইসলাম নাঈম | প্রথম বাংলা ২৪ঃ- নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হারুনুর রশিদ খাঁ হত্যা মামলার এক পলাতক আসামিকে দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেফতার করে। পরে বাংলাদেশ পুলিশের বিশেষ টিম তাকে দেশে নিয়ে আসে।

গ্রেফতারকৃত আসামির নাম আরিফ সরকার (৪০)। তিনি নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও এলাকার মৃত হাফিজ উদ্দিন সরকারের ছেলে। গত ৬ মে তাকে আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে নিজ বাসায় সন্ত্রাসী হামলার শিকার হন সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খাঁ। এসময় তাকে পিস্তল দিয়ে গুলি করা হলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর একই বছরের ৩১ মে তিনি মারা যান।

ঘটনার দুইদিন পর নিহতের ছেলে আমানুর রশিদ খান বাদী হয়ে শিবপুর মডেল থানায় হত্যা চেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন। পরে ভিকটিমের মৃত্যু হলে মামলায় হত্যা ধারা যুক্ত করা হয়। শুরুতে থানা পুলিশ তদন্ত করলেও পরবর্তীতে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলাটির তদন্তভার নেয় পিবিআই নরসিংদী।

তদন্ত চলাকালে এর আগে একই মামলার আরেক আসামি মহসীনকে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেফতার করা হয়। আদালতে দেওয়া তার তথ্যে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা ও জড়িতদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। এরপর তদন্তে আরিফ সরকারের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর তার অবস্থান শনাক্তে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়।

পরে নিশ্চিত হওয়া যায়, আরিফ সরকার দুবাইয়ে অবস্থান করছেন। তাকে দেশে ফিরিয়ে আনতে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়।

মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৪ নভেম্বর আরিফ সরকারসহ একাধিক আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পিবিআই। পরবর্তীতে দুবাই পুলিশ তাকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশকে বিষয়টি জানায়। এরপর পিবিআই ও পুলিশ হেডকোয়ার্টার্সের সমন্বয়ে গঠিত একটি টিম তাকে দেশে ফিরিয়ে আনে।

দেশে আনার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে শিবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে শিবপুর থানা পুলিশ আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

প্রথমবাংলা ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।