প্রথম বাংলা ২৪, ডেস্কঃ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে শাহজালাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশান-২ এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, সাজ্জাতুজ জুম্মার বিরুদ্ধে আদালতের পরোয়ানা থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
ব্যাংকিং সূত্রে জানা যায়, সাজ্জাতুজ জুম্মা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির দিলকুশা শাখার একজন বিনিয়োগ গ্রাহক ছিলেন। তার ঋণখেলাপির ঘটনায় ২০১৪ সালের ২৭ এপ্রিল ব্যাংক কর্তৃপক্ষ মামলা দায়ের করে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ওই মামলায় আদালত তাকে এক বছরের কারাদণ্ডের পাশাপাশি তিন কোটি টাকা জরিমানার আদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, বর্তমানে তার খেলাপি বিনিয়োগের পরিমাণ ৪১ কোটি ২ লাখ টাকা।
সজ্জাতুজ জুম্মা শাহজালাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তবে খেলাপি ঋণের কারণে পরবর্তীতে ব্যাংকটির পরিচালনা পর্ষদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়।
Leave a Reply