ডেস্ক রিপোর্ট | প্রথম বাংলা ২৪
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক পরিচয় দেওয়ার অভিযোগে মো. রাকিব নামে এক যুবককে আটক করেছেন আনসার সদস্যরা। পরে তাকে হাসপাতাল পুলিশ ক্যাম্পে নেওয়া হয়। এ ঘটনায় শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে। তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের ভেতর থেকে তাকে আটক করা হয়। আটক রাকিব বরিশাল জেলার গৌরনদী থানার ফারুক হোসেনের ছেলে। তিনি বর্তমানে ঢাকার সাভারের নালিয়া এলাকায় বসবাস করেন।
ঢামেক হাসপাতালের দায়িত্বরত আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত হোসেন জানান, জরুরি বিভাগে রাকিবের চলাফেরা সন্দেহজনক মনে হলে দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাকে আটক করে প্রশাসনিক ব্লকে নিয়ে যান। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ভুয়া চিকিৎসক হিসেবে পরিচয় দেওয়ার কথা স্বীকার করেন বলে জানান তিনি। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
চিকিৎসক পরিচয় দেওয়ার কারণ জানতে চাইলে রাকিব বলেন, তার ভাই অসুস্থ হওয়ায় তাকে ভর্তি করাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। অনেক চেষ্টা করেও ভাইকে ভর্তি করাতে না পেরে এক ব্যক্তির পরামর্শে তিনি নিজেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পরিচয় দেন। এরপরই আনসার সদস্যরা তাকে আটক করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, হাসপাতালের জরুরি বিভাগ থেকে আটক ওই যুবককে আনসার সদস্যরা পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। বিষয়টি শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে। তাকে শাহবাগ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Leave a Reply