নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের বোদা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদের পক্ষ থেকে এসব উপহার তুলে দেন বোদা উপজেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা।
এ সময় শুভেচ্ছা বক্তব্যে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষের সমান অধিকার নিয়ে বসবাসের পরিবেশ বজায় রাখা জরুরি। ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গাপূজা সবার জীবনে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা বয়ে আনুক। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে একসঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক। সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় থাকলে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে স্থানীয় সুধীজন ও ১ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী উপস্থিত ছিলেন।
Leave a Reply