1. admin@prothombangla24.com : admin_news :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

মান্দায় কাগজপত্র ছাড়াই ইটভাটা সংস্কার, রাজ ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পাঠ করা হয়েছে

নওগাঁর মান্দায় প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই বন্ধ থাকা ইটভাটার পুনর্নির্মাণ ও সংস্কারকাজ চালু রাখার দায়ে মেসার্স রাজ ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করা পর্যন্ত ইটভাটাটির নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জলছত্র মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, গত মৌসুমে বন্ধ থাকা মেসার্স রাজ ব্রিকস নামের ইটভাটাটিতে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই পুনর্নির্মাণ ও সংস্কারকাজ চলছিল। এ অপরাধে ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।

এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করা পর্যন্ত ইটভাটাটির পুনর্নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এ নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে ইটভাটা কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিল নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি দল।

মো. নাজমুল হোসাইন বলেন, পরিবেশ সুরক্ষা ও সরকারি বিধিবিধান বাস্তবায়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো ইটভাটার নির্মাণকাজ পরিচালনা করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

প্রথমবাংলা ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।