প্রথম বাংলা ২৪, স্পোর্টসঃ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের আগে দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ দল। জ্বরে আক্রান্ত হওয়ায় শুক্রবার অনুশীলনে যোগ দিতে পারেননি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ফলে প্রথম ম্যাচে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে ম্যাচের আগেই মিরাজ সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন অধিনায়ক লিটন দাস।
সিরিজ শুরুর আগে শুক্রবার সংবাদ সম্মেলনে মিরাজের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে লিটন জানান, তার খেলার বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ম্যাচের ব্যাপারে এখনও বলতে পারছি না। তবে যতটুকু আমি জানি, ওর একটু জ্বর আছে। আশা করি, ও সুস্থ হয়ে উঠবে এবং খেলতে পারবে।’
এদিকে মিরাজ শেষ পর্যন্ত খেলতে না পারলে দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আলিস আল ইসলামের। বাংলাদেশের হয়ে সাদা বলের ক্রিকেটে নিজের সামর্থ্য প্রমাণের অপেক্ষায় থাকা এই ক্রিকেটারের অভিষেকের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে।
আলিসকে দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে সময়োপযোগী মনে করছেন লিটন। তার মতে, সাদা বলের ক্রিকেটে আলিসের পারফরম্যান্স ভালো, বিশেষ করে দেশের টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন।
লিটন বলেন, ‘আলিস সাদা বলের ক্রিকেটে অনেক ভালো। বিশেষ করে বাংলাদেশে টি-টোয়েন্টি সার্কিটে সে প্রমাণিত। আমার মনে হয়, এটাই সঠিক সময় তাকে দলের সঙ্গে যুক্ত করার।’
মিরাজের শারীরিক অবস্থার উন্নতি এবং ম্যাচের আগে তার ফিটনেসের ওপরই নির্ভর করছে একাদশে তার অন্তর্ভুক্তি। শেষ পর্যন্ত তিনি খেলতে না পারলে আলিসের সামনে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে তুলে ধরার সুযোগ তৈরি হতে পারে।
Leave a Reply