1. admin@prothombangla24.com : admin_news :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য: ডিসি সম্মেলনে মির্জা ফখরুল

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২ বার পাঠ করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
আগামী এক বছরের মধ্যে দেশের স্থানীয় সরকার ব্যবস্থার সকল স্তরে নির্বাচন সম্পন্ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, “আমরা আগেও বলেছি এবং এখনো বলছি—আগামী ১২ মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য আমাদের মন্ত্রণালয় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটি আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।”

জেলা প্রশাসকদের সাথে আলোচনার বিষয়ে মন্ত্রী জানান, মাঠ পর্যায়ের কর্মকর্তারা স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। সরকার এই পরামর্শগুলো গুরুত্বের সাথে বিবেচনা করছে। মির্জা ফখরুল বলেন, “তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের মূল ভিত্তি হলো স্থানীয় সরকার। এই প্রতিষ্ঠানটিকে শক্তিশালী ও কার্যকর করতে পারলে দেশের সামগ্রিক গণতান্ত্রিক কাঠামো আরও সুদৃঢ় হবে।”

জেলা প্রশাসকদের জনমুখী হয়ে কাজ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, “জনগণই এ দেশের প্রকৃত মালিক। তাই সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে। স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসকদের নেতৃত্ব দিয়ে জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি।”

অতীতের অনিয়ম ও দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “গত বছরগুলোতে স্থানীয় সরকার খাতে ব্যাপক লুটপাট ও দুর্নীতি হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত করা হবে। ভবিষ্যতে যেন এ ধরনের দুর্নীতির পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে আমরা কঠোর নজরদারি রাখছি।”

একই সঙ্গে তিনি জানান, সরকার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি দ্রুত বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসকদের মাধ্যমে এই কর্মসূচিগুলো তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশনাও দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

প্রথমবাংলা ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।