নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১৭ মে দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (৭ মে) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন থাকলেও তদন্ত সংস্থা সিআইডি তা জমা দিতে না পারায় আদালত নতুন এই তারিখ নির্ধারণ করেন।
আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলাটির প্রতিবেদন দাখিলের কথা ছিল। তবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিলের জন্য আরও সময় চাইলে আদালত আগামী ১৭ মে পরবর্তী দিন ধার্য করেন।
মামলার বিবরণী অনুযায়ী, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ পড়ে ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন।
এর আগে গত ৬ জানুয়ারি এই মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছিলেন। চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে আছেন এবং বাকি ৬ জন পলাতক।
তবে ডিবির দেওয়া ওই তদন্ত প্রতিবেদনে অসন্তুষ্টি প্রকাশ করে গত ১৫ জানুয়ারি আদালতে ‘নারাজি’ আবেদন করেন মামলার বাদী। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর গুরুত্বের সঙ্গে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। বর্তমানে সিআইডি মামলাটির অধিকতর তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।
Leave a Reply