1. admin@prothombangla24.com : admin_news :
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন তারেক রহমান

  • প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩ বার পাঠ করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আগামীকাল ২১ জুন প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান। ছয় দিনের এই গুরুত্বপূর্ণ সফরে তিনি প্রথমে মালয়েশিয়া এবং পরবর্তীতে চীন সফর করবেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কুয়ালালামপুর দিয়ে শুরু হবে তার এই কূটনৈতিক সফর। এরপর ২৩ থেকে ২৬ জুন তিনি চীনে অবস্থান করবেন।

মালয়েশিয়া সফরে শ্রমবাজার ও বাণিজ্যের গুরুত্ব:
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মালয়েশিয়া সফরটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে দীর্ঘ সময় ধরে স্থবির হয়ে থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় সচল করা এবং অনিয়মিত কর্মীদের বৈধতা দেওয়ার বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।

কুয়ালালামপুর সফরকালে দুই সরকারপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক এবং দুটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাণিজ্যের প্রসার, বিশেষ করে ‘হালাল পণ্য’ রপ্তানি বৃদ্ধি নিয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।

প্রবাসীদের প্রত্যাশা ও শ্রমবাজারের ভবিষ্যৎ:
মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের মাঝে প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। প্রবাসীদের দীর্ঘদিনের দাবি—সিন্ডিকেটমুক্ত কলিং ভিসা চালু করা এবং নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা।

কুয়ালালামপুরে কর্মরত প্রবাসী জাহিদ বলেন, “আমরা আশা করি প্রধানমন্ত্রী দুই দেশের সরকারের মধ্যে সরাসরি ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করবেন, যাতে সাধারণ শ্রমিকরা কম খরচে মালয়েশিয়ায় আসার সুযোগ পান।”

এছাড়া অনিয়মিত শ্রমিকরা বৈধ হওয়ার সুযোগ পেলে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে বলে মনে করছেন ভুক্তভোগীরা। পাশাপাশি মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষা, গবেষণা সহযোগিতা ও স্কলারশিপ বৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

ব্যবসায়ী মহল ও কূটনৈতিক মহলের পর্যবেক্ষণ:
ব্যবসায়ী নেতারা মনে করছেন, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রযুক্তি, কৃষি ও উৎপাদন খাতে যৌথ বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচিত হবে। প্রবাসী কমিউনিটি নেতা কাজী সালাহউদ্দিন বলেন, “তারেক রহমানের এই সফর লাখো বাংলাদেশির প্রত্যাশা পূরণের একটি সুযোগ। শ্রমবাজার সম্প্রসারণ ও প্রবাসীবান্ধব নীতিমালা দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”

চিন সফরের গুরুত্ব:
মালয়েশিয়া সফর শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের উদ্দেশ্যে রওনা হবেন। ২৩ থেকে ২৬ জুন বেইজিংয়ে অবস্থানকালে চীনের উচ্চ পর্যায়ের নেতৃত্বের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে প্রধানমন্ত্রীর এই চীন সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে কূটনৈতিক বিশ্লেষকরা।

উল্লেখ্য যে, এর আগে ২০২৫ সালের আগস্ট মাসে তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফর করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের মধ্যকার বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্ককে আরও সুসংহত করবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

প্রথমবাংলা ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।