বিনোদন ডেস্কঃ স্ত্রী নেই, তবু থেমে নেই জীবন। হাসছেন, গান শুনছেন, শুটিং করছেন। আর স্বাভাবিক জীবনযাপনের এসব মুহূর্ত ঘিরেই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে অভিনেতা জাহের আলভীকে। প্রয়াত স্ত্রী ইকরার জন্মদিনে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে নিজের এই আক্ষেপের কথা তুলে ধরেছেন তিনি। একই সঙ্গে স্ত্রীর কাছে ক্ষমাও চেয়েছেন এই অভিনেতা।
ফেসবুকে ইকরার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে আলভী লিখেছেন, একজন মৃত মানুষের মূল্য অনেক জীবিত মানুষের চেয়েও বেশি। ইকরা বেঁচে থাকলে হয়তো এই সময়টায় তিনজন মিলে কেক কেটে জন্মদিন উদ্যাপন করতেন। কিন্তু সেই মানুষটি এখন শুধুই স্মৃতি। তাই জন্মদিনে কিছু বিষয়ে ইকরার কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
ইকরাকে হারানোর পর নিজের স্বাভাবিক জীবনযাপন নিয়ে নানা প্রশ্নের মুখে পড়ার কথাও তুলে ধরেছেন আলভী। তাঁর প্রশ্ন, স্ত্রী চলে যাওয়ার পরও কেন থেমে নেই তাঁর জীবন? কেন এখনো গান শুনছেন, হাসছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিচ্ছেন কিংবা শুটিং করে জীবিকা নির্বাহ করছেন? কেন শোকে ভেঙে পড়ে নিজের ও সন্তানের জীবন থামিয়ে দিচ্ছেন না?
আলভীর লেখায় উঠে এসেছে স্ত্রীকে হারানোর শোকের পাশাপাশি সন্তান রিযিককে ঘিরে তাঁর দায়িত্ববোধের কথাও। নিজের পরিবারকে সামলে ছেলেকে সুন্দর জীবন দেওয়ার চেষ্টা করছেন তিনি। আর এই চেষ্টা নিয়ে ইকরার মনে কোনো অভিমান থাকলে তাঁকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন অভিনেতা।
ইকরার প্রতি ভালোবাসা ও অভিমানের কথাও অকপটে প্রকাশ করেছেন আলভী। জানিয়েছেন, নামাজের বিছানায় মোনাজাতের সময়ও ইকরা থাকেন তাঁর ভাবনায়। স্ত্রীর প্রতি অভিমান থাকলেও তাঁর মনে কোনো ক্লেশ নেই। বরং আবার দেখা হওয়ার প্রত্যাশায় বাকি আড্ডা আর অভিমানগুলো তুলে রেখেছেন সেই দিনের জন্য। একই সঙ্গে প্রয়াত স্ত্রীর কাছে সন্তান রিযিককে দেখে রাখার আকুতিও জানিয়েছেন তিনি।
তবে আলভীর এই ব্যক্তিগত শোকের সঙ্গে জড়িয়ে আছে একটি মামলার প্রসঙ্গও। ইকরার মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলায় আলভীকে এক নম্বর আসামি করা হয়েছিল। কারাভোগের পর বর্তমানে জামিনে রয়েছেন তিনি।
ইকরার জন্মদিনে আলভীর এই স্ট্যাটাসে উঠে এসেছে প্রিয়জনকে হারানোর বেদনা, অভিমান, অনুশোচনা এবং সন্তানকে নিয়ে সামনে এগিয়ে চলার বাস্তবতা।
Leave a Reply