নিজস্ব প্রতিবেদকঃ নির্বাচনী ব্যবস্থা সংস্কার না হলে দেশে গুন্ডাতন্ত্রই শাসন চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।
শনিবার (১৭ অক্টোবর) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তাসনিম জারা লেখেন, “অস্ত্র হাতে মানুষকে ধাওয়া করছেন যিনি, তিনি আমাদের সরকারের একজন প্রতিমন্ত্রী। সেই ভিডিও আবার তার নিজের পেজ থেকেই প্রচার করা হচ্ছে।”
প্রকাশ্যে এমন আচরণ করা একজন ব্যক্তি কীভাবে জনগণকে শাসন করার দায়িত্ব পান, সেই প্রশ্ন তুলে তাসনিম জারা বলেন, সমাজে এর চেয়ে যোগ্য ও দায়িত্বশীল মানুষ রয়েছেন। কিন্তু নির্বাচনে প্রার্থী হওয়া, প্রতিদ্বন্দ্বিতা করা এবং জয়ী হয়ে সংসদে যাওয়ার বাস্তব সুযোগ তাঁদের জন্য প্রায় বন্ধ করে রাখা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এ বিষয়ে তাসনিম জারা লেখেন, “একজন নতুন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে দাঁড়াতে চাইলে শুরুতেই তাকে হাজার হাজার মানুষের স্বাক্ষর সংগ্রহ করতে হবে। অন্য পথ হলো কোনো দলের কাছে মনোনয়নের জন্য তদবির করা। আর দলগুলো কাদের, কোন প্রক্রিয়ায় মনোনয়ন দেয়, সেটা আমরা বছরের পর বছর ধরে দেখেই আসছি।”
তাঁর বক্তব্য অনুযায়ী, নির্বাচনে যোগ্য ও দায়িত্বশীল ব্যক্তিদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা না গেলে নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না।
নির্বাচনী ব্যবস্থার ত্রুটি দূর করে যোগ্য ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তৈরি করার প্রয়োজনীয়তার দিকেই তাঁর বক্তব্যে গুরুত্ব দেওয়া হয়েছে।
Leave a Reply