ডেস্ক রিপোর্ট | প্রথম বাংলা ২৪
বিশ্ববাজারে আবারও কমেছে সোনার দাম। মঙ্গলবার (২০ অক্টোবর) স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১২৩ দশমিক ৯৪ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য নির্ধারিত সোনার ফিউচার মূল্যও শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪২ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়েছে। জ্বালানির দাম বাড়লে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। এতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ দীর্ঘ সময় সুদের হার উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কা করছেন বাজারসংশ্লিষ্টরা।
সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা এবং অনিশ্চিত সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনাকে বিবেচনা করা হয়। তবে সুদের হার বেশি থাকলে সুদবিহীন সম্পদ হিসেবে সোনার আকর্ষণ কমে যায়। ফলে বিনিয়োগকারীদের মধ্যে সোনার চাহিদা কমার আশঙ্কা তৈরি হয়, যা দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এদিকে, আগামী ২৭ ও ২৮ অক্টোবর ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে সুদের হার নিয়ে কী সিদ্ধান্ত আসে, সেদিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।
সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বাজারের বিনিয়োগকারীরা ডিসেম্বরে সুদের হার বাড়ার সম্ভাবনা ৯১ শতাংশ বলে মনে করছেন। সুদের হার নিয়ে প্রত্যাশা এবং ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন আগামী দিনগুলোতে সোনার দামের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
Leave a Reply